রাজনীতির নখ আছে
পেট আছে, ভুড়ি আছে
রক্ত মাখা শার্ট আছে
শার্টের ভিতর পকেট আছে!
মিছিলে আসা বিপ্লবীরা যেমন সংসার বৈরাগী হয়
তেমনি বিপ্লবীরা ক্ষমতায় গেলে সংসারী হতে চায়।
ক্ষমতা আর জনতা এক নয়
মানুষ যেমন তার নিজের চেহারা দেখতে পায় না
জনতাও তেমনি ক্ষমতার মুখ দেখতে পায় না কোনোদিন!
এখন দহনের দিন
চারিদিকে কেবল রাক্ষস
চারিদিকে কেবল ভক্ষক!
এখন নষ্টকাল, মিথ্যাকাল, পিষ্টকাল
কেননা আমাদের বিপ্লবীরা বিক্রি হয়ে গেছে
আমাদের চোখ অন্ধ হয়ে গেছে!
বাজারে আগুন লেগেছে
আগুন লেগেছে গরীবের পেটে, আমাদের মানচিত্রে!
আমাদের চকচকে লোভী জিহ্বা
চাটতে চাটতে আমাদেরকে ক্রীতদাস বানিয়েছে
তাই বিপ্লবীদের কন্ঠে বারুদ নেই,
তাদের চোখে কেবল তৃষ্ণা
যে তৃষ্ণায় ডুবে ডুবে
একদিন আমাদের হাত লাল হবে গৃহযুদ্ধে
আমাদের হাত লাল হবে ভাইয়ের খুনে;
আমাদের মানচিত্র হারিয়ে যাবে দহনের দিনে!
লেখক – মুহাম্মদ বাবলু
কবি, লেখক, গবেষক ও চিত্রনাট্যকার


Leave a Reply